শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ৩৪ জনের মৃত্যু, নিরাপদ আশ্রয়ে বহু মানুষ

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 25 জুলাই 2023, 11:41 দুপুর • 434 বার পঠিত
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ৩৪ জনের মৃত্যু, নিরাপদ আশ্রয়ে বহু মানুষ

আলজেরিয়ায় দাবানল আরো ভয়াবহ হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। ৩৪ জনেরও বেশি মানুষ দাবানলের আগুনে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১০ জন সেনা সদস্যও রয়েছেন যারা আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান। খবর বিবিসির।

এছাড়া ছড়িয়ে পড়া দাবানলে আহত হয়েছে বহু মানুষ। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে বাধ্য হয়েছে সরে যেতে। খবর আল জাজিরা।

স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) উত্তর আফ্রিকার দেশটির কিছু অংশে তাপমাত্রা ছুঁয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড বাতাস ও প্রচণ্ড গরমে ১৬টি প্রদেশে ৯৭টি দাবানল রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। ১০ সেনাসহ ৩৪ জন নিহত হয়েছেন। কমপক্ষে ২৬জন আহত হয়েছে।

ভয়াবহ দাবানলের কারণে রাজধানী আলজিয়ার্সের পূর্বে বেজাইয়া, বুইরা এবং জিজেল প্রদেশ থেকে প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলের ৩টি প্রদেশ সবচেয়ে ভয়াবহ দাবানল দেখেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়।

আল জাজিরা বলছে, দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় সাড়ে ৭ হাজার কর্মী। তারা ৩৫০টি ট্রাক বিমানের সাহায্যে সারা দেশে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।

এছাড়াও আলজেরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোল ফ্রি নম্বর চালু করেছে যাতে কোথাও নতুন করে দাবানল সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে খবর জানাতে পারে।