শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আল-আকসায় জুমা পড়েছেন দেড় লাখ ফিলিস্তিনি

মোহাম্মদ খাইরুল আমিন • 23 এপ্রিল 2022, 06:13 বিকাল • 619 বার পঠিত
আল-আকসায় জুমা পড়েছেন দেড় লাখ ফিলিস্তিনি

রমজানের তৃতীয় শুক্রবার। এর গুরুত্ব অনেক। ফিলিস্তিনিরা তাই যে কোনো মূল্যে জুমার নামাজটা দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আদায় করতে চেয়েছেন। সেখানে তারা জমায়েত হলেন। ইসরায়েলি পুলিশের কারণে নির্মমতার শিকারও হলেন। এর মধ্যে দেড় লাখের মতো মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করলেন। 

জেরুজালেম ইসলামিক ওয়াকফের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর দিয়েছে। 

ইসরায়েলের পুলিশ শুক্রবার সকালে মসজিদটিতে হামলা চালায়। সেই হামলায় রাবার বুলেট, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসের ব্যবহার করা হয়। তাতে করে ৩১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত হয়েছেন তিন সাংবাদিকও। ইসরায়েলের পুলিশ বলেছে, ফিলিস্তিনিদের পাথর ছোড়ার জবাবে এটা তাদের করতে হয়েছে।

সকালের জমায়েতে হামলা চালিয়েই শেষ করেনি তারা। গতকাল জুমার নামাজের পর আবার হামলা চালায়। এবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ডোম অব দ্য রকের কাছে থাকা ফিলিস্তিনি মুসলিমদের ওপর টিয়ারশেল ছোড়ে তারা। 

এবার মুসলমানদের পবিত্র রমজান মাসের সঙ্গে ইহুদিদের ‘পাসওভার উৎসব’ এর সময় মিলে গেছে। উত্তেজনা তাই বেড়েছে অনেক। ১৫ এপ্রিল ছিল পাসওভার উৎসবের প্রথম দিন। এদিন আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫৮ ফিলিস্তিনি আহত হয়েছিলেন। সেদিন গ্রেপ্তার করা হয়েছিল আরো ৪০০ ফিলিস্তিনিকে। 

গত সপ্তাহে পাসওভারের সময় দফায় দফায় সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। অনেকে গ্রেপ্তার হয়েছেন।

মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ খুব গুরুত্বপূর্ণ। পবিত্র মসজিদ। ধর্মীয় বিশ্বাসে এর জায়গা তুলনাহীন। সেখানে সেইসব ফিলিস্তিনি সবসময় যেতে পারেন যারা জেরুজালেমের বাসিন্দা এবং যাদের ইসরায়েলের পাসপোর্ট আছে। কিন্তু কেবল মাত্র রমজান মাসেই দখলকৃত দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা আল-আকসায় যাওয়ার বিরল সুযোগি পান। রমজান বাদে অন্য সময় জেরুজালেমে প্রবেশ করতে তাদের দুর্লভ সামরিক অনুমতিপত্র নিতে হয়। তাও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে।

তাই এ সময়ে আল-আকসায় আসতে ফিলিস্তিনিরা ক্ষণ গণণা করে অপেক্ষা করেন।