আজ থেকে বিএনপির ২য় দফায় সংলাপ শুরু
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 অক্টোবর 2022, 03:21 দুপুর
•
578 বার পঠিত
আজ রোববার (২ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সংলাপের দ্বিতীয় দফা শুরু হচ্ছে। সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির এই সংলাপ। ২য় দফায় আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঠিক করতেই এই সংলাপ করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। জানা গেছে, এই সংলাপে লিঁয়াজো কমিটি গঠন করা হতে পারে। ১ম দফায় যেসব দলের সঙ্গে সংলাপ করা হয়েছিল সেইসব দলের সঙ্গেই ২য় দফা সংলাপ হবে।
সংলাপের বিষয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর জানান, রোববার বেলা ১১টায় তার নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টির একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাদের বৈঠক হবে।