আগামীকাল হেফাজতে ইসলামের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি
ইসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দম্ভোক্তি ও দেশটির বহুতল ভবনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কার্টুন প্রকাশের প্রতিবাদে আগামীকাল (২ নভেম্বর) সোমবার ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
ইসলাম টাইমসকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক।
হেফাজতে ইসলামের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করবেন মাওলানা নূর হোসাইন কাসেমী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উগ্র ম্যাগাজিন শার্লি হেবদো ও ফ্রান্স সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দূতাবাস ঘেরাও কর্মসূচীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মী, আলেম-উলামা, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের তৌহিদী জনতা ও নবীপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান মাওলানা মাহফুজুল হক।
তিনি বলেন, ফ্রান্সের এই ঘৃণ্য কাজের প্রতিবাদ জানানো প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। তাই নবীপ্রেমের জজবা থেকে সবাইকে এতে সাধ্য অনুযায়ী অংশগ্রহণের আহ্বান জানান তিনি।