আগামী ২৮ এপ্রিলের পর থেকে আর কঠোর লকডাউন দেয়া হবে না
আগামী ২৮ এপ্রিল শেষ হতে যাচ্ছে করোনা ভাইরাসের জন্য ঘোষিত সর্বাত্মক লকডাউন। এদিনের পর থেকে আর কঠোর লকডাউন দেয়া হবে না। শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষকে মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব। এ কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশা করছি।
তিনি আরো বলেন, গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। গণপরিবহন চালু হলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে অফিসের জনবলের বিষয়টি উল্লেখ থাকবে।