আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবে ন্যাটো
সেনা প্রত্যাহার করা হলেও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবে ন্যাটো। মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চ্যুয়াল বৈঠকে সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ এ কথা জানান।
তিনি বলেন, জোটের ৯,৬০০ সৈন্য এ বছর পরিকল্পিতভাবে প্রত্যাহার করা হলেও সংগঠনটি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবে।
স্টলটেনবার্গ বলেন, আমরা আফগানিস্তানে আমাদের সামরিক মিশন শেষ করছি, কিন্তু আমরা আফগানদের সহায়তা প্রদান অব্যাহত রাখব।
তিনি বলেন, ন্যাটো সদস্যরা প্রায় ২০ বছর পর দেশ থেকে জোটের সামরিক বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সময় তাদের সিদ্ধান্তের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
স্টলটেনবার্গ বলেন, আমরা আফগানিস্তানের বিশেষ অপারেশন বাহিনীকে দেশের বাইরে প্রশিক্ষণ দেব।
স্টলটেনবার্গ আরও বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালু রাখাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আমরা কীভাবে সহায়তা করতে পারি তা নিয়েও আমরা কাজ করছি। এটি অবশ্যই কাবুলে ন্যাটো এবং ন্যাটো বেসামরিক কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ, তবে সামগ্রিকভাবে বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও।