৭ দিনের মধ্যে শ্রীলঙ্কা নতুন প্রেসিডেন্ট পাবে
শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দানা বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে দেশটি নতুন একজন প্রেসিডেন্ট পাবে। আজ শুক্রবার তিনি প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এই ঘোষণা দিয়েছেন।
গণ-বিক্ষোভের মুখে বুধবার দিবাগত রাতে গোটাবায়া দেশে ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান। সেখান থেকে পরের দিন যান সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকেই গতকাল বৃহস্পতিবার তিনি ই-মেইলে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
স্পিকার আবেওয়ার্দানা আজ সাংবাদিকদের কাছে বলেন, ‘‘গোটাবায়া আইনত পদত্যাগ করেছেন।’’ তার পদত্যাগ বৃহস্পতিবার থেকে কার্যকরী কার্যকর। শনিবার সংসদ ফের বসবে বলেও জানান তিনি।
এদিকে, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, গোটাবায়া তাদের দেশে ব্যক্তিগত সফরে আছেন। সেখানে তিনি কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় চাননি। কিংবা রাজনৈতিক আশ্রয় তাকে দেওয়াও হয়নি।