শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৬৫ দিন পর ফের ইলিশ ধরতে সাগরে নামছেন জেলেরা

মোহাম্মদ খাইরুল আমিন • 23 জুলাই 2022, 04:37 দুপুর • 629 বার পঠিত
৬৫ দিন পর ফের ইলিশ ধরতে সাগরে নামছেন জেলেরা

৬৫ দিন পর ইলিশ ধরতে ফের সাগরে নামছেন জেলেরা। আজ শনিবার মধ্য রাতে শেষ হচ্ছে সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। 

৪৬০ প্রজাতির সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার।

সেই নিষেধাজ্ঞা শেষ। সব জেলেপাড়ায় এখন সাজসাজ রব। জাল ও ট্রলার মেরামত হয়েছে আগেই। আলকাতরা ও রঙের কাজও শেষ হচ্ছে। 

নতুন উদ্যোমে সাগরে নামতে হবে। কিন্তু তার আগে নিষেধাজ্ঞার সময়টাতে সরকারি সহযোগিতা অপ্রতুল হওয়ায় অনেকেই কষ্টে দিন কাটিয়েছেন। অনেকের হয়েছে দেনাও। এখন আবহাওয়া অনুকূলে থাকলে ও জালে কাঙ্ক্ষিত মাছের দেখা মিললে সব ধকল কাটিয়ে ওঠার প্রহর গুনছেন জেলেরা।

জানা যায়, নিষেধাজ্ঞার সময় কালে জেলা নিবন্ধিত ৭৮ হাজার ৯২৮ জন জেলের মধ্যে শুধুমাত্র ৪৮ হাজার ৩৯৮ জনকে মাসে ৪০ কেজি হারে ২ হাজার ৭১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

আর নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে এই সময়ে ২০০ অভিযানের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।

এখন আশা করা হচ্ছে, টানা দুই মাসের বেশি সময়ের নিষেধাজ্ঞার কারণে ইলিশসহ সামুদ্রিক সব ধরনের মাছের উৎপাদন বেড়ে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।