৬ ঘণ্টায় ফেসবুকের প্রধান নির্বাহীর ক্ষতি ৭০০ কোটি ডলার
সোমবার রাত থেকে ছয় ঘণ্টার বেশি সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জারসহ অন্য প্ল্যাটফর্মগুলো টানা ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে করে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ক্ষতি হয়েছে প্রায় ৭০০ কোটি ডলার (৭ বিলিয়ন ডলার)।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ঘটনার পরে শেয়ারবাজারে ফেসবুকের দর পড়ে যায়। প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন প্রায় দুই বিলিয়ন মানুষ। সোমবার রাতে সেই ব্যবহারও আচমকা চার দশমিক নয় শতাংশ নেমে যায়।
প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে অ্যাপগুলো আবার সচল হয়। প্রতি ঘণ্টায় ফেসবুকের আয় ৫ লাখ ৪৫ হাজার ডলার। এই ছয় ঘণ্টায় তাদের বিপুল ক্ষতি হয়েছে।
বন্ধের কারণ
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ব্যাহত হওয়ার বিষয়ে ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছিল, যা ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে।
ফেসবুকের কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। ডোমেইনে ভুল হওয়ার জন্যই গোটা সার্ভার ক্র্যাশ করে। তাদের কেউ কেউ বলছেন, রাউটিং সিস্টেমের গোলমাল থেকে এই ঘটনা ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।