৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে উকিল নোটিস
৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পদত্যাগ চেয়ে উকিল নোটিস পাঠানো হলো। নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করা বিষয়ক তার বক্তব্যের জন্য এই নোটিস পাঠানো হয়েছে।
নোটিস আব্দুল মোমেনের বিরুদ্ধে ‘শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।
আজ রোববার রেজিস্ট্রি ডাক যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এ নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।
নোটিসে তিনি বলেছেন, ‘‘১৮ অগাস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’।এই বক্তব্যের মাধ্যমে আপনি শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘন করেছেন। এ বক্তব্য সার্বভৌমত্বকে আঘাত করেছে। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আপনার (পররাষ্ট্রমন্ত্রী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
গত বৃহস্পতিবার সরকার ‘টিকিয়ে’ রাখা নিয়ে মন্তব্য করার পর তোপের মুখে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন, ‘‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে…শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।’’
তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন অবশ্য ওই বক্তব্যের বিষয়ে সরাসরি কিছু বলেননি। এই প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে ‘একটু সহনশীল’ হওয়ার অনুরোধ করেছেন।