৪৪ হাজার ৬৭ জন হাজি দেশে ফিরেছেন, মৃত্যু ১০১ জনের
৪৪ হাজার ৬৭ জন হাজি সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০১ জন বাংলাদেশির।
১১ জুলাই মঙ্গলবার রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানিয়েছেন।
এতে আরো বলা হয়, মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৫টি। এর মধ্যে ৪৫টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি এবং ২৪টি ফ্লাইট ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত।
পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। তা পরিবহন ও বিতরণ করা হবে এয়ারলাইন্সের পক্ষ থেকে। বিমান জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রতি হাজির জন্য ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।
এদিকে, সৌদি আরবে এবার হজে গিয়ে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১০১ জন হাজি। তাদের মধ্যে ৭৭ জন পুরুষ, মহিলার সংখ্যা ২৪ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন মারা গেছেন।
এ বছর গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যান মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন। এসব হজযাত্রী বহন করতে মোট ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী বহন করে, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী বহন করে এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।
উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ছিল গত ২ জুলাই এবং শেষ ফ্লাইট হবে আগামী ২ আগস্ট।