২৯ মে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন
করোনা মহামারীর কারণে প্রায় ২৬ মাস বন্ধ থাকার পরে ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন। ভারতের রেল মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ মে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করবে।
আগামী ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস ফের চলাচল করবে বলেও রেন্ত্র মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নবর্ষের দিনে প্রথম ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রার সূচনা হয়েছিল।
কোভিড-১৯ সংক্রমণের কারণে ২০২০-র ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেল দপ্তরের তরফে ভারতীয় রেল মন্ত্রককে চিঠি পাঠিয়ে ফের যাত্রিবাহী ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে ওই সূত্রের খবর।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে রেল মন্ত্রকের আধিকারিকদের আলোচনার পরে গত ১৫ মার্চ ঢাকায় পাঠানো জবাবি চিঠিতে কোভিডবিধি মেনে যাত্রীবাহী ট্রেন চলাচল ফের চালু করার বিষয়ে সম্মতি দিয়েছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ।