২০ ঘণ্টায়ও আগুন পুরো নিয়ন্ত্রণে আসেনি, মৃত বেড়ে ৪৯
২০ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন জ্বলছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের ২৫টি দল নিরলস চেষ্টা করে যাচ্ছেন। শনিবার রাত দশটার পর লেগেছে এই আগুন। তারপর ঘটেছে একের পর এক বিস্ফোরণের ঘটনা।
সীতাকুণ্ডের এই ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কনটেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কন্টোইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। আজ সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল।
এই দুর্ঘটনায় কয়েক শত মানুষ আহত হয়েছেন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৭ জন ফায়ার ফাইটারের মৃত্যুর খবরও এসেছে। আহত হয়েছেন আরো কয়েকজন। এছাড়া নিখোঁজও রয়েছেন কয়েকজন। পুলিশ সদস্যরাও আহত হয়েছেন। আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।