শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

১০ সদস্য দেশের সংবাদ সংস্থাকে সাহায্য করবে ওআইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 09 এপ্রিল 2026, 06:29 বিকাল • 113 বার পঠিত
১০ সদস্য দেশের সংবাদ সংস্থাকে সাহায্য করবে ওআইসি

গত ৭ এপ্রিল মঙ্গলবার ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর অধীন ইউনিয়ন অব নিউজ এজেন্সিস ও ইসলামিক সোলিডারিটি ফান্ডের ভেতর অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুসারে ওআইসি ১০টি স্বল্পোন্নত সদস্য দেশের সংবাদ সংস্থার জন্য অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে এসব সংস্থার সংবাদবিষয়ক কনটেন্টে ডিজিটাল প্রবেশাধিকার বাড়বে, তাদের পরিসর সম্প্রসারিত হবে এবং সদস্য দেশগুলোর মধ্যে সংবাদ আদান-প্রদানের মাত্রাও বৃদ্ধি পাবে।

ইউনিয়ন অব নিউজ এজেন্সিসের মহাপরিচালক মুহাম্মদ বিন আবদুর রব্বো আল ইয়ামি বলেন, এই প্রকল্পে অর্থায়ন ও আর্থিক সহায়তায় তহবিলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদস্য সংবাদ সংস্থাগুলোর ইলেকট্রনিক রূপান্তরকে এগিয়ে নিতে ইউনিয়ন বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে তারা ডিজিটাল জগতে ঘটে যাওয়া বড় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

অন্যদিকে ইসলামিক সলিডারিটি ফান্ডের নির্বাহী পরিচালক মুহাম্মদ সুলাইমান আবু আল খলিল বলেন, এই চুক্তি ইসলামিক সোলিডারিটি ফান্ড ও ইউনিয়নের মধ্যে যৌথ লক্ষ্য অর্জনের লক্ষ্যে ফলপ্রসূ ও কার্যকর সহযোগিতার পরিণতি। তিনি আরও বলেন, মুসলিম জনগণের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বাড়াতে এবং সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়ন ও সভ্যতাগত কর্মসূচিকে সমর্থন দিতে গণমাধ্যম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কারণে ইসলামিক সোলিডারিটি ফান্ড এই খাতের প্রকল্পগুলোকে সহায়তা দিতে আগ্রহী।