১ চুলায় ৬৫, দুই চুলায় ১০৫ টাকা বাড়ানোর সুপারিশ
আবাসিক ক্ষেত্রে বা বাসা বাড়িতে গ্যাসের দাম বাড়তে পারে। তেমনই এক সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। এই সুপারিশে মাসিক বিল এক চুলার ক্ষেত্রে ৬৫ টাকা দাম বাড়িয়ে ৯৯০ টাকা আর দুই চুলার ক্ষেত্রে ১০৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করার কথা বলা হয়েছে।
বাসা-বাড়িতে এখন প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল ১ চুলার ক্ষেত্রে ৯২৫ টাকা আর দুই চুলার জন্য ৯৭৫ টাকা।
বুধবার (২৩ মার্চ) সকালে রাজধানী ঢাকার বিয়াম ফাউন্ডেশনে অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানি চলছিল। সেখানে এই সুপারিশ করে কমিটি।
দেশের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো আবাসিক খাতে গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। এর প্রেক্ষিতে বিইআরসি চার দিনের গণশুনানি আহবান করে। আজ শুনানির তৃতীয় দিন। এদিন সকাল ১০টা থেকে প্রস্তাবের ওপর শুনানি করে তিতাস।
এই শুনানিতে তিতাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। এর বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এই প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করে কমিটি।
এই শুনানিতে বিইআরসি, তিতাস গ্যাসের কর্মকর্তারা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।